বগুড়ার গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের ধলিরচর গ্রামে এক নারীর গোসলের নগ্ন ছবি ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রানা মিয়া (৪০) নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তাকে এলাকা থেকে গ্রেপ্তার করে। এর আগে ভিকটিম সকালে ঘটনার তিনমাস পর গাবতলীয় মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করেন। বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও মামলা সূত্র জানায়, আসামি রানা মিয়া বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ধলিরচর গ্রামের বাসিন্দা। তিনি ৩১ মার্চ দুপুরে মোবাইল ফোনে প্রতিবেশি এক নারীর গোসলের নগ্ন ছবি তোলেন। এরপর ছবি হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির
কাছে ছড়িয়ে দেন। রানা মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করাসহ ইন্টারনেট মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নগ্ন অশ্লীল ছবি সরবরাহ করে ভিকটিমের সামাজিক ও ব্যক্তি মর্যাদা হানি এবং সমাজে গণউপদ্রব সৃষ্টি করেন।
এদিকে ভিকটিম ঘটনার তিন মাস পর মঙ্গলবার সকালে গাবতলী মডেল থানায় রানা মিয়ার বিরুদ্ধে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ মোতাবেক মামলা করেন। দুপুরে নিজ এলাকা থেকে আসামি রানা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, অন্য কারো নগ্ন ছবি নিজের মোবাইলে সংরক্ষণ করা অপরাধ। যদি কারো মোবাইলে এ ঘটনার ভিকটিমের ছবি পাওয়া যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।