সিলেটের সীমান্ত এলাকায় বাংলাদেশির মরদেহ উদ্ধার 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তের ওপারে মিক কন্দ জানী (৬০) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। মিক কন্দ জানী কোম্পানীগঞ্জ উপজেলার তুরুং গ্রামের বাসিন্দা। 

বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে সীমান্তের ১০০ গজ ভারতের ভিতর থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। 

মিক কন্দের স্বজনরা জানান, সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় মিক কন্দ জানীর বাড়ি হওয়ায় প্রায় প্রতিদিন সীমান্তের ওপারে গিয়ে কাঠ (লাকড়ি), মৌসুমি ফলমূল শ্রমের বিনিময়ে নিয়ে আসতেন। ভারতীয় নাগরিক খাশিয়াদের বাগানে দিনমজুরের কাজ করে এসব ফলমূল কিংবা কাঠ বিক্রির জন্য আনতেন। 

স্বজনরা আরও জানান, বুধবার সকাল ১১টার দিকে প্রতিদিনের ন্যায় ভারতে যান তিনি। কিন্তু দিন শেষে সন্ধ্যা হয়ে গেলেও ফিরে না আসায় তাকে খুঁজতে বের হন স্বজনরা। পরে ১২৬০ নং সীমান্ত পিলারের ভারতের অভ্যন্তরে ছড়ার পানিতে মিক কন্দ জানীর নিথর দেহ পরে থাকতে দেখেন তার ভাই নিখিল। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। এসময় লাশের মাথা ও শরীরের কয়েক জায়গায় আঘাত এবং কাটার চিহ্ন দেখতে পান তারা। 

লাশের সুরতহাল প্রতিবেদনকারী পুলিশের কর্মকর্তা এসআই ওলি উল্লাহ জানান, মৃতের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কানে ও চোখের আঘাত দেখে বোঝা যাচ্ছে কেউ গুলি করেছিল। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”