চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেইজিং থেকে ঢাকায় পৌঁছায়।

এর আগে বাংলাদেশ সময় বিকেল ৩টায় বেইজিং ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র নেতারা, মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে কোনো শোডাউন বা র‍্যালী না করার নির্দেশনা আগেই দেওয়া হয়েছিল।

চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এর আগে মালয়েশিয়া সফরেও বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক সই হয়। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই সফরগুলোর মাধ্যমে দুই দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী হবে।