কক্সবাজারে ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ সায়েম (২২) নামের পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে কক্সবাজারের রামু উপজেলার পেঁচারদ্বীপ রেজুখাল ব্রিজের পাশ থেকে এ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়
নিহত সায়েম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে।
শনিবার (২৭ জুন) ইনানী সী পার্ল হোটেলের দক্ষিণ পাশের সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন মোহাম্মদ সায়েম। এরপর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সায়েম পানির স্রোতে ভেসে রেজু খাল ব্রিজের পেঁচারদ্বীপ এলাকায় উপকৃলে আটকা পড়ে। খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও বিচকর্মীরা।
ইনানী সৈকতে দায়িত্বরত বিচকর্মী নাজিম উদ্দিন জানান, সকালে রামুর পেঁচারদ্বীপ এলাকায় রেজুখালের পাশে একটি মরদেহ আটকে থাকার খবর পেয়ে স্থানীয় বিচকর্মী, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। পরে আত্মীয়-স্বজনরা মরদেহটি মোহাম্মদ সায়েমের বলে শনাক্ত করেন।