তুরাগ নদীতে মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, বলছে পুলিশ

‘তুরাগ নদীতে ভাসমান ৭টি মরদেহ উদ্ধারের দাবি’ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি জানান, তুরাগ ও আশুলিয়া নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। 

রবিবার (২৮ জুন) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তুরাগ নদী প্রসঙ্গ ও পুলিশের অবস্থান সম্পর্কে এসপি শামীমা পারভীন বিস্তারিত তুলে ধরেন। 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৬ জুন রাতে আশুলিয়া থানা পুলিশ স্থানীয় জেলেদের সহযোগিতায় গরুহাটা ঘাট সংলগ্ন আশুলিয়া নদী থেকে অজ্ঞাতপরিচয়ে একজনের মরদেহ উদ্ধার করে। মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের ভাই মো. সালাহউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মরদেহ তার ভাই মো. সুমন (১৭) হিসেবে শনাক্ত করেন। 

এ ঘটনায় নিহতের ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

পুলিশ আরও জানায়, গত ২৪ জুন সাভারের রয়েল সিটি খেয়াঘাট এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নেমে রনি (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। স্থানীয়রা পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করেন। পরে শাহআলী থানা পুলিশ ও আমিনবাজার নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায়ও একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

এই দুটি মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ভাসমান ৭টি লাশ’ উদ্ধারের অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান এসপি শামীমা পারভীন। এই অপপ্রচারের যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। 

তুরাগে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: ডিএমপি

এদিকে, ‘তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের’ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য, ছবি ও ভিডিওকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

রবিবার (২৮ জুন) এক ব্রিফিংয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, “জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে। তবে ডিএমপির আওতাধীন এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”