গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। হাইওয়ে থানা পুলিশ নিহত দুই ব্যক্তি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুই বন্ধু ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত মধ্য রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শরিয়তপুরের জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)। সোলেমান সিকদার কেরানীগঞ্জে ব্যবসা ও কাওসার হোসেন চাকরি করতেন। এর সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান নিহতের স্বজন মোহাম্মদ আলী শান্তর বরাত দিয়ে জানান, তারা চার বন্ধু সোলেমান সিকদার, কাওসার, আরিফ এবং সাজ্জাদ দুইটি মোটরসাইকেলে চড়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দেন। তারা শ্রীপুরের সীমান্তবর্তী জৈনাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক কাওসার ও সোলেমানকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা মহাসড়কের উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে রাতেই মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনব্যবস্থা প্রক্রিয়াধীন।