চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনিতে হত্যা

নড়াইলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক যুবককে নির্মমভাবে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আকাশ বিশ্বাস (২৫) নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোরের নারকেলবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, নিহত আনোয়ার হোসেন (৩২) মানসিক ভারসাম্যহীন ছিলেন। ২৪ জুন সকালে তিনি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের নিজ বাড়ি থেকে বের হন। পরে সেদিন রাতে গোবরা এলাকায় তাকে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।

পরদিন সকালে পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২৯ জুন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ জুলাই) তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে আকাশ বিশ্বাসসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে আনোয়ার হত্যার বিচারের দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।