সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার আশাশুনিতে অসাবধানতাবশত ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা সরকার (৪৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে আশাশুনি থানার খলিসানি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ঘরের ফ্যানের সুইচ অন করতে যান লতিকা সরকার। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্সযোগে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন।

​সেখানে নিয়ে আসার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অঞ্জন কুমার চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন।

​বর্তমানে নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। এই ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।