চার মাস পর ফের চালু বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

১২৬ দিন বন্ধ থাকার পর ফের ডানা মেললো বিমানের সিলেট-ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট। ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা ফ্লাইটটি রবিবার দুপুর ১২টায় ২৭২ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রবিবার (৫ জুলাই) দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইটের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফরোজা খানম রিতা জানান, প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং তারা যাতে স্বস্তিতে ও সাশ্রয়ী সময়ে যাতায়াত করতে পারেন, সেজন্য এই রুটটি চালুর ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ম্যানচেস্টার রুটে ফ্লাইটের ধারাবাহিকতা বজায় রাখতে উড়োজাহাজ ভাড়া নেওয়ার প্রক্রিয়া চলছে, যার ফলে ভবিষ্যতে এই ফ্লাইট বন্ধ হওয়ার আশঙ্কা থাকছে না।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শরীফুল আলম জানান, ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা বিজি২০৮ ফ্লাইটে ২৭২ জন যাত্রী এসেছেন। উড়োজাহাজটির ধারণক্ষমতা ২৭৪ জন।

তিনি আরও জানান, সপ্তাহের প্রতি রবি ও মঙ্গলবার ফ্লাইট দুটি চলবে। আর সোমবার ও বুধবার ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট সিলেটে আসবে। এখন থেকে যথারীতি এ রুটে ফ্লাইট চলবে।

এর আগে, ২০২৬ সালের  হজ্ব ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার জন্য ১ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত এই রুটের ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দেয় বিমান। এ নিয়ে যুক্তরাজ্য প্রবাসীরা ক্ষুব্ধ হন। তাদের আশংকা ছিল, এই রুটের বিমানের ফ্লাইট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এ রুটে ফ্লাইট বন্ধ হলে তারা কঠোর কর্মসূচির হুমকি দিয়েছিলেন। প্রবাসীরা মনে করছেন, তাদের জোরদার আন্দোলনের ফলে বিমান এ রুটে ফের ফ্লাইট চালু করতে বাধ্য হয়েছে।

এ ফ্লাইটের যাত্রী ইউকে এনআরবি সোসাইটির পরিচালক জুনেদ আহমদ জানান, ২৮ ফেব্রুয়ারি তিনি সর্বশেষ সিলেট-ম্যানচেস্টা ফ্লাইটের যাত্রী ছিলেন। এরপর ক্ষোভে-অভিমানে আর দেশে আসেননি। শনিবার থেকে চালু হওয়া ফ্লাইটে তিনি সস্ত্রীক দেশে এসেছেন। ফ্লাইটটি চালু হওয়ায় নর্থ ইংল্যান্ডের কয়েক লাখ প্রবাসী উৎফুল্ল বলে জানান তিনি।

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ইউকে এনআরবি সোসাইটির পরিচালক মিজানুর রহমান মিজান জানান, ফ্লাইটটি চালু হওয়ায় নর্থ ইংল্যান্ডের প্রবাসীরা খুবই আনন্দিত। প্রবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই এ সফলতা এসেছে। নর্থ ইংল্যান্ডের ব্রিটিশ এমপি’র পাশাপাশি সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক সুফি সুহেল আহমদ জানান, ফ্লাইট চালুর জন্য জিএসসি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সিলেট-ম্যানেচস্টার ফ্লাইট ফের চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একমাত্র সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে। সিলেট অঞ্চলের যাত্রীদের বিকল্প পথে ঢাকায় ট্রানজিট দিয়ে যেতে হয়। এতে সময়ের অপচয় হয়। ভোগান্তি বাড়ে যাত্রীদের।

প্রসঙ্গত, ২০২০ সালের ৬ জানুয়ারি সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়।