৭২ ঘণ্টার মধ্যে ৫ জেলায় বন্যার পূর্বাভাস, সতর্কবার্তা জারি

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই সময়ে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানে নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

রবিবার (৫ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাসমূহের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু কিছু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র।

নদ-নদীর সার্বিক পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সারিগোয়াইন, সোমেশ্বরী ও কংস নদীর পানি কমছে এবং যাদুকাটা ও ভুগাই নদীর পানি সমতল স্থিতিশীল আছে। তবে আগামী ৭২ ঘণ্টায় এই অঞ্চলের নদীগুলোর পানিও দ্রুত বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং ধরলা ও দুধকুমার নদীর পানি হ্রাস পাচ্ছে। আগামী দুই দিন উত্তরাঞ্চলের এই নদীগুলোর পানি হ্রাস পাওয়া অব্যাহত থাকতে পারে বলে বন্যা তথ্য কেন্দ্র নিশ্চিত করেছে।