নওগাঁয় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি পেশায় একজন রিকশাচালক ছিলেন।
সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে।
থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমন গত কয়েক বছর আগে মাদকে আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো এবং অশান্তি লেগেই থাকতো। মাদকাসক্তের কারণে গত এক বছর আগে সুমনকে রেখে তার স্ত্রী সুমা ঢাকায় পোশাক কারখানায় কাজ নিয়ে চলে যায়। কয়েকদিন আগে সুমা বাড়িতে আসে। আবারও ঝগড়া হয়।
সুমন রাগ করে রবিবার রাত ১২টার দিকে তার বাবার কাছে শুয়ে পড়ে। সুমনের ঘুম আসছিল না দেখে বাবা মহাতাব সরকার দোয়া পড়ে তার ছেলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এতে আরও রেগে যায় সুমন। এক পর্যায়ে তার বাবার হাত ধরে জোর করে ঘর থেকে বের করে নিয়ে এসে বাড়ির উঠানে কাঠের বাটাম দিয়ে শরীরে কয়েকটি আঘাত করে। পরে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে মারা যান। পরে পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যায়। পরে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।”