চট্টগ্রামে টানা ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের ফলে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নগর ও জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড় এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন।
সোমবার (৬ জুলাই) পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৭৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে গত দুই দিন ধরে চলা এই বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পতেঙ্গা প্রধান আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মো. বসির আহমেদ বলেন, ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে টানা বৃষ্টির পরও চট্টগ্রাম নগরীতে উল্লেখযোগ্য জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘নিয়মিত খাল-নালা ও ড্রেনেজ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সার্বক্ষণিক তদারকির ফলেই নগরবাসীকে বড় ধরনের জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়নি।’’
সোমবার সকালে মেয়র নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা, খাল-নালার প্রবাহ এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
অন্যদিকে পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় জেলা প্রশাসন সকাল থেকেই ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করছে। এর আগের রাতেও বিভিন্ন এলাকায় সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। পাশাপাশি সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে পাহাড়সংলগ্ন স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাগুলোও অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘‘আবহাওয়া অধিদপ্তরের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পরিপ্রেক্ষিতে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। জেলা প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করছে এবং মাইকিংয়ের মাধ্যমে বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।’’
তিনি আরও জানান, আকবরশাহ ঝিল ১, ২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড় এবং বেলতলীঘোনা পাহাড়সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।