দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় পিকআপের ধাক্কায় মা ও তার ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন।
নিহতরা হচ্ছেন ফাহিমা আক্তার তার শিশুসন্তান আব্দুল্লাহ। বাড়ি কাহারোল উপজেলার মালগ্রামে।
নিহত ফাহিমা আক্তারের স্বামী আহত নাজমুল ইসলাম বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।