রাজধানীর বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের ওই মামলার ভার্চুয়ালি শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।
এর ফলে, আট মামলায় জামিন পাওয়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের মুক্তি আটকে গেছে।
প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, খায়রুল হককে এদিন আদালতে হাজির করা হয়নি। ভার্চুয়ালি উপস্থিত দেখিয়ে শুনানি হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এদিকে, এ মামলায় খায়রুল হকের জামিনের জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা। দুপুরে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহিন সংবাদমাধ্যমকে বলেন, “এক মামলায় জামিন পেলে অন্য মামলায় গ্রেপ্তার দেখায়। আজ নবম মামলায় গ্রেপ্তার দেখালো। কবে মুক্তি মিলবে জানি না। আমরা অপেক্ষায় আছি সেঞ্চুরি পূরণের।”
প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় ২৮ এপ্রিল বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তার বিরুদ্ধে মোট আটটি মামলার সবগুলোতে জামিনে আছেন তিনি।