কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের “এ-থ্রি” ব্লকে একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৭ জনই শিশু শিক্ষার্থী এবং অপরজন ওই মাদ্রাসার একজন শিক্ষক। এছাড়া এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় মাদ্রাসাটিতে ৪০ জনের বেশি শিক্ষার্থী ক্লাস করছিল। বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ক্লাস চলাকালে হঠাৎ মাদ্রাসার পাশের পাহাড় ধসে ভবনের ওপর পড়ে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা মাটিচাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ থেকে মোট ১৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৮ জনকে মৃত ঘোষণা করা হয়, আর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।