দেশের নতুন ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করতে আট সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটি খসড়া চূড়ান্ত করার পর তা আগামী মাসের প্রথম মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
মঙ্গলবার (৭ জুলাই) ‘ভিসা পলিসি-২০২৬’ এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটির গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন - স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।
এ কমিটি ‘ভিসা পলিসি-২০২৬’ এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করবে। এছাড়া প্রয়োজন হলে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে কমিটি। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিটিকে সচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটির পরিমার্জনের পর ভিসা নীতিমালার খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী মাসের প্রথম মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করবে।
এর আগে, গত ২ জুলাই ‘ভিসা পলিসি-২০২৬’এর খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। সেই বৈঠকে খসড়াটি পরিমার্জনের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।