‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫% মানুষ’

ক্ষমতা গ্রহণের মাত্র চার মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মপদ্ধতি ও সার্বিক দায়িত্ব পালনে দেশের তিন-চতুর্থাংশের (৭৫%-এর বেশি) মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। গবেষণা প্রতিষ্ঠান 'দ্য ডেল্টাগ্রাম' পরিচালিত সাম্প্রতিক এক জাতীয় জনমত জরিপে এমন চিত্র উঠে এসেছে।

ডেল্টাগ্রামের প্রতিবেদনে দেখা গেছে, উত্তরদাতাদের মধ্যে ৭৫ দশমিক ৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজকে সমর্থন জানান। বিপরীতে ১৭ দশমিক ৫ শতাংশ মানুষ অসন্তোষ প্রকাশ করেন এবং ৭ দশমিক ২ শতাংশ উত্তরদাতা কোনো মতামত দেননি।

প্রতিষ্ঠানটি জানায়, গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত সারা দেশের আটটি বিভাগের ১৫০টি প্রাথমিক নমুনা এলাকা থেকে মোট ৩ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর সমীক্ষাটি চালানো হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার চার মাস পূর্তিতে এই মূল্যায়ন করা হলো। জরিপটি ৭০ শতাংশ সরাসরি (ইন-পারসন) এবং ৩০ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। এতে জাতীয় পর্যায়ে সম্ভাব্য ত্রুটির সীমা (মার্জিন অব এরর) নির্ধারণ করা হয়েছে ±২.১ থেকে ±২.৪ শতাংশ।

জরিপের ফল অনুযায়ী, বিভাগগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর প্রতি সর্বোচ্চ সমর্থন দেখা গেছে রংপুর বিভাগে (৮৩.১%), আর সর্বনিম্ন সমর্থন মিলেছে ঢাকা বিভাগে (৭০.৪%)।

একইসঙ্গে শহরাঞ্চলের চেয়ে গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ও সমর্থনের হার বেশি ধরা পড়েছে। গ্রামে সমর্থনে মিলছে ৭৮.৫ শতাংশ, যেখানে শহরাঞ্চলে এই হার ৭০.১ শতাংশ। বয়সভিত্তিক দিক থেকে সব শ্রেণিতেই সমর্থন প্রায় সমান থাকলেও ৬০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে তা কিছুটা কম (৭০.৯%)।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করে। ক্ষমতায় আসার পর সরকার ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের অঙ্গিকার নিয়ে এগোচ্ছে, যার মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদসীমা নির্ধারণ এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার মতো বড় ধরণের প্রাতিষ্ঠানিক সংস্কার অন্তর্ভুক্ত। ডেল্টাগ্রামের মতে, সরকারের এসব পদক্ষেপে শুরুতেই জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া এবং উল্লেখযোগ্য জনসমর্থন তৈরি হয়েছে।