জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে গ্রেপ্তার হওয়া সিঙ্গাপুর ফেরত ২ যুবককে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগে, বুধবার বিমানবন্দর থানার জিডিমূলে তাদের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা পুলিশ আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাহেদুল ইসলাম (৩৭) ও রিশাদ তায়ানী (২৫)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য জানিয়েছেন।
সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে সেখানকার (সিঙ্গাপুর) পুলিশ এই ২ যুবককে আটক করে।
বিমানবন্দর থানার এসআই আশরাফুল আলম তাদের সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা সিঙ্গাপুর অবস্থানকালে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছেন। তারা যেকোনো সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলা করতে পারেন, এমন সম্ভাবনার কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।
সরকারি কৌঁসুলি শামছুদ্দোহা সুমন আসামিদের রিমান্ড মঞ্জুরের যুক্তি তুলে ধরে বলেন, “বাংলাদেশের অনেক শ্রমিক সিঙ্গাপুরে কাজ করে। তাদের এমন কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তাদের সাথে আরও কারা জড়িত রয়েছে এবং তারা কেন এমন কর্মকাণ্ডের জড়িত হয়েছে সে সব তথ্য উদঘাটনে জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, “সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমিকরা কাজ করে। এমন ঘটনায় এসব দেশের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। এজন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞেসাবাদ করা প্রয়োজন।”
রিমান্ড শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।