নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা জেলার তিনটি বিদ্যমান উপজেলাকে পুনর্বিন্যস্ত করে নতুন তিনটি উপজেলা গঠন করেছে সরকার। নতুন এই উপজেলাগুলো হলো: চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’ এবং কুমিল্লার ‘বাঙ্গরা’।

বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার-১) শাখা থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্ত বাস্তবায়নে এসব নতুন উপজেলা গঠন করা হলো। প্রতিটি নতুন উপজেলায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ২৪টি দপ্তরের অধীনে ৪০ জন কর্মকর্তাসহ মোট ২৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর প্রশাসনিক পদ বা ‘অফিস সেট-আপ’ অনুমোদন দিয়েছে সরকার।

ফটিকছড়ি উত্তর (চট্টগ্রাম): ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন: বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি এবং সুয়াবিলকে অন্তর্ভুক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠিত হয়েছে। এর সদর দপ্তর স্থাপিত হবে ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর মৌজায়।

দক্ষিণ গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়ন: মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাবের সমন্বয়ে গঠিত হয়েছে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা। উস্থি ইউনিয়নের নয়াবাড়ী মৌজায় এই নতুন উপজেলার সদর দপ্তর নির্ধারিত করা হয়েছে।

বাঙ্গরা (কুমিল্লা): মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন: শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) এবং টনকীকে পৃথক করে ‘বাঙ্গরা’ উপজেলা গঠিত হলো। বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম মৌজায় এর সদর দপ্তর স্থাপন করা হবে।