শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিজ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে শহীদুল ইসলাম দেওয়ান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) রাতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। অভিযুক্ত উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে মেয়েটির মায়ের মৃত্যুর পর থেকে ঘরে একা থাকার সুযোগে অভিযুক্ত বাবা বিভিন্ন সময় তাকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন। দীর্ঘদিন ভয় ও সামাজিক কারণে বিষয়টি কাউকে জানাতে পারেননি ভুক্তভোগী।
সম্প্রতি তিনি কৌশলে অভিযুক্তের কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ধারণ করেন। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।