সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন আরও ৪১১ পর্যটক

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া আরও ৪১১ পর্যটককে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে নৌকা ও বাঁশের ভেলায় করে পর্যটকদের ওই এলাকা পার করিয়ে দেওয়া হয়। এরপর সড়কপথে তাদের নিরাপদ গন্তব্যে পাঠায় সেনাবাহিনী।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতি এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে রাঙামাটির দীঘিনালা-বাঘাইহাট-মাচালং-সাজেক সড়কের বিভিন্ন অংশ প্লাবিত হয়। এতে সাজেকে প্রায় ৫৬১ পর্যটক আটকা পড়েন। 

গত বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর বিশেষ উদ্যোগে পানিতে ডুবে থাকা সড়কগুলোতে নৌকা ও বাঁশের ভেলার মাধ্যমে পর্যটকদের পারাপারের ব্যবস্থা করা হয়। প্রথম দফায় সাজেক ছেড়ে যাওয়া ১৫০ পর্যটকের মধ্যে ১০টি শিশু, ১০০ জন পুরুষ ও ৪০ জন নারী ছিলেন। যাদের জরুরি কাজ ছিল, মূলত তারাই প্রথম দফায় সাজেক ছেড়েছেন। দ্বিতীয় দফায় আজ বাকি পর্যটকেরা সাজেক ছাড়েন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, “সাজেকে আটকে থাকা পর্যটকদের মধ্যে গতকাল প্রথম দফায় কিছু পর্যটক চলে গেছেন। আজ সকালে বাকি পর্যটকেরা সাজেক ছেড়েছেন।” 

কটেজ এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, আটকা পড়া পর্যটকদের বিনাভাড়ায় রাখা হয়। শুধুমাত্র পানির বিল নেয়া হয়।