রাজধানীর মহাখালীর টিভি গেট এলাকায় ছুরিকাঘাতে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় বিউটি আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং দুজনই বিবাহিত।
শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে বনানী থানাধীন মহাখালী টিভি গেট এলাকার একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মামুনকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাড়ির মালিক জানান, দুপুরে তৃতীয় তলা থেকে চিৎকার শুনে সেখানে গিয়ে তিনি মামুনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মামুনের চাচা। তিনি জানান, মামুনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে। মামুনের স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা এবং গ্রামের বাড়িতেই অবস্থান করছেন। তিনি জানান, চলতি মাসের ১ জুলাই মামুন বাংলাদেশ রেলওয়েতে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেছিলেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক হাসান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিউটি আক্তারকে আটক করা হয়। তার শ্বশুরবাড়িও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মামুন ও বিউটির মধ্যে আগে থেকেই পরিচয় এবং ব্যক্তিগত সম্পর্ক ছিল। ঘটনার দিন দুজনের মধ্যে বিরোধের একপর্যায়ে ওই নারী ধারালো অস্ত্র দিয়ে মামুনকে আঘাত করেন।
পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।