কাপাসিয়া বাজারে ৮ দোকান পুড়ে গেছে

গাজীপুরের কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে আটটি দোকান এবং একটি বসতবাড়ি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ওইসব ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

রবিবার (১২ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন জানান, আব্দুল কাইয়ুমের দুটি দোকানে প্রায় ২০ লাখ টাকা, আজাহার আলীর কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা, সরোয়ার হোসেনের কাপড়ের দোকানে ২৫ লাখ টাকা, সাবিরের কাপড়ের দোকানে ২০ লাখ টাকা এবং আবুল কাশেমের বসতবাড়িতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

এছাড়া, মোহাম্মদ রাসেলের পাওয়ারি দোকানের কিছু মালামাল রক্ষা করা গেলেও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সিপুর গোডাউনে প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনে কাপাসিয়া বাজার জামে মসজিদেরও আংশিক ক্ষতি হয়েছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, “বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

তিনি আরও বলেন, “অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকানের মালামাল পুড়ে গেছে। আগুনে কাপড় ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে।”

ফায়ার সার্ভিস, পুলিশ ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্ধ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণে কাজ করছে।