আগামী ২৪ ঘণ্টায় ৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

টানা এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি যেন থামছেই না। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর আজ আবার পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেশের ছয় বিভাগে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে।

রবিবার (১২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তা দেওয়া হয় আজ দুপুর ১২টার দিকে।

সেখানে বলা হয়, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

ইতোমধ্যে আজ সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি চলছে। বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ডুবে গেছে।

রাজধানীতে গতকাল শনিবার রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর চট্টগ্রামে এ সময় ১২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, “মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এত বৃষ্টি হচ্ছে। তবে শুরুটা হয়েছিল নিম্নচাপ দিয়ে।”

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজ সকালে দেওয়া তথ্য অনুযায়ী, আজ দেশের তিনটি নদ-নদীর পাঁচটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেগুলো হলো বান্দরবানের সাঙ্গু, সিলেটের কুশিয়ারা ও নেত্রকোনার সোমেশ্বরী।

গত শনিবার পাঁচটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।