গতকাল রবিবার কেবল রাজধানী ঢাকাতেই বৃষ্টি হয়েছে ১৭৫ মিলিমিটার। গোটা রাজধানীতেই তৈরি হয়েছিল জলাবদ্ধতা। ধানমণ্ডি, পান্থপথ, ফার্মগেট, মিরপুর,বনানী সবই ছিল পানির নিচে। তবে রবিবার দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল পৌনে ৮টার নাগাদ বৃষ্টি শুরু হলেও তার মাত্রা খুব বেশি না হওয়ায় এখনো জলাবদ্ধতা তৈরি হয়নি।
আবহাওয়া অধিদপ্তর বলছে,সোমবারও রাজধানী ও আশপাশে সারা দিন বৃষ্টির সম্ভাবনা আছে। দিনের পুরোটা সময়ই থাকতে পারে বৃষ্টি। আকাশও মেঘলা থাকবে সারা দিনই। তবে অতি ভারী বৃষ্টি বলতে যা বোঝায়, তার সম্ভাবনা কম বলেই জানাচ্ছে তারা। কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলা হয়। সেখানে শনিবার দিবাগত রাত থেকে ৬ ঘণ্টায় বৃষ্টি হয়েছিল ৭৬ মিলিমিটার।
শুধু রাজধানী নয়, পুরো দেশেই সমানতালে বৃষ্টি হচ্ছে। তবে চট্টগ্রাম বিভাগের অবস্থা সবচেয়ে খারাপ।
টানা কয়েক দিনের রেকর্ডভাঙা বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। নদীর পানি উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় বর্তমানে এ বিভাগের প্রায় ৯ লাখ ২৮ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় চরম মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন।