খুলনায় ২৩৯ হেক্টর জমির ফসল পানিতে ডুবেছে

খুলনায় গত চারদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতায় ২৩৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৯৪ হেক্টর জমির আউশ ধান ও ৭ হেক্টর জমির আমন বীজতলা রয়েছে। পাশাপাশি ৬৫০টি ঘের এবং ১৬২টি পুকুর ও দীঘি ডুবে ২ কোটি টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার পরিচালক নজরুল ইসলাম জানান, খুলনা জেলায় মাঠে ফসল রয়েছে ১০,৬৬২ হেক্টর। এর মধ্যে অতি বৃষ্টিতে আক্রান্ত ২৩৯ হেক্টর জমির ফসল। আউশ ধান ৫,১২৩ হেক্টর জমিতে চাষ হয়েছে। ৯৪.৮ হেক্টর জমির আউশ ধান আক্রান্ত হয়েছে। রোপা আমনের বীজতলা রয়েছে ৪৩ হেক্টর জমিতে। আক্রান্ত হয়েছে ৭.৩ হেক্টর জমি। ৫০০ হেক্টর অফ সিজন তরমুজের মধ্যে ৫ হেক্টর আক্রান্ত হয়েছে। ১৭১ হেক্টর জমির মরিচের মধ্যে ৭.২ হেক্টর জমি আক্রান্ত হয়েছে।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান জানান, দিঘলিয়া উপজেলার ৪টি ও রূপসা উপজেলার ১টিসহ ৫টি ইউনিয়নের ২৮২ হেক্টর জমির ৬৫০টি ঘের ও ৩.৩১ হেক্টর জমির ১৬২টি পুকুর ও দীঘির মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফিন ফিস ২ লাখ ২৮ হাজার টাকার ৭০২.৭৮ মে. টন, ২ কোটি ২ লাখ টাকার চিংড়ি মাছ ২৭৯ মে. টন, ৪ লাখ টাকার পোনা মাছ, অবকাঠামোগত ক্ষতি হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকার। সব মিলিয়ে মৎস্য খাতে ২ কোটি ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।