মেট্রোরেলের মিরপুর এলাকার কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনের নিচে জমে থাকা পানি কমার পরিবর্তে আরও বেড়েছে। সকাল থেকে ফের বৃষ্টিতে কোথাও কোথাও হাঁটুপানি জমে গেছে।
সোমবার (১৩ জুলাই) সকাল থেকে মেট্রোরেলে ওঠানামা করা যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বিশেষ করে মিরপুর থেকে মতিঝিলগামী লেনের বাম পাশের এলাকায় জলাবদ্ধতার প্রভাব বেশি দেখা গেছে। স্টেশনে প্রবেশ ও বের হওয়ার সময় যাত্রীদের হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। নারী, শিশু, বয়স্ক এবং অফিসগামীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
শুধু পথচারী নয়, জলাবদ্ধতার কারণে ওই এলাকায় রিকশা ও বাস চলাচলেও বিঘ্ন ঘটছে। অনেক যাত্রী পানি জমে থাকার কারণে রিকশা বা বাসে উঠতে পারছেন না। ফলে মেট্রোরেল থেকে নেমে গন্তব্যে পৌঁছাতে বাড়তি ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সামান্য বৃষ্টিতেই কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় পানি জমে যায়। কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ সমস্যা দীর্ঘদিন ধরে চললেও স্থায়ী সমাধান হচ্ছে না।
দ্রুত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।