টানা কয়েক দিনের ভয়াবহ দুর্যোগের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বান্দরবানের পরিস্থিতি। বৃষ্টিপাত কমে আসায় সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও নামতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরছেন দুর্গত মানুষ।
সোমবার (১৩ জুলাই) বন্যার পানি নেমে গেলেও শুরু হয়েছে নতুন এক সংগ্রাম। ঘরবাড়ি পরিষ্কার, ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার লড়াই।
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। জেলা শহরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়ক পানিতে তলিয়ে গিয়ে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। প্রশাসনের খোলা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন ৬,২৫০ জন।
বর্তমানে বৃষ্টিপাত কমে যাওয়ায় নদ-নদীর পানি নামতে শুরু করেছে। ফলে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ ধীরে ধীরে নিজ নিজ বাড়িতে ফিরছেন। তবে বাড়ি ফিরে তারা দেখতে পাচ্ছেন বন্যার রেখে যাওয়া ধ্বংসস্তূপ। ঘরের ভেতরে জমে থাকা কাদা, নষ্ট হয়ে যাওয়া আসবাবপত্র, ভেসে আসা আবর্জনা ও দুর্গন্ধ পরিষ্কার করতেই ব্যস্ত সময় পার করছেন সবাই। অনেকেই ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের কাজ শুরু করেছেন।
বন্যার পানিতে খাদ্যসামগ্রী, কাপড়চোপড়, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। অনেক এলাকায় এখনও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। পানিবাহিত রোগের আশঙ্কায় শিশু ও বয়স্কদের নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, বান্দরবানের পৌর প্রশাসক এস এম মনজুরুল হক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য অপসারণ এবং প্রয়োজনীয় সেবা পুনরুদ্ধারে কাজ করছে পৌর কর্তৃপক্ষ, যাতে দুর্গত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
জেলা প্রশাসনের তথ্যমতে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট দুর্যোগে বান্দরবানে পাহাড়ধসে পাঁচজন এবং পানিতে ভেসে একজনসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় ব্যাপক অবকাঠামোগত ও কৃষি ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ চলছে।
বান্দরবান এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, তাদের আওতাধীন সড়ক ও কালভার্টের ক্ষতি প্রায় ৪০ কোটি টাকা।
প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় বাসিন্দারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে পুনর্বাসন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করছেন।
বন্যার পানি নামতে শুরু করলেও বান্দরবানের মানুষের সামনে এখন বড় চ্যালেঞ্জ ক্ষতি কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসা। পাহাড়ের জনপদে সেই পুনর্গঠনের লড়াই ইতোমধ্যেই শুরু হয়েছে।