সিলিং ফ্যানে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি গ্রামে মা ও মেয়ের মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৩ জুলাই)  বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিরহাট ছোট চণ্ডিপুর গ্রামের নিজ বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মা ও মেয়ের  মরদেহ ঝুলতে দেখেন প্রতিবেশীরা। 

পরে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুজনকে নিচে নামিয়ে পুলিশে খবর দেন।

নিহতরা হলেন, সবিতা রানী (৩৩) ও তার মেয়ে পল্লবী রানী (১৫)।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুতের কাজ শুরু করে।

ওসি ওয়াদুদ আলী জানান, প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে মাটিতে নামিয়ে রাখেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।