চলতি বছরের জুন মাসে সারা দেশে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৩২৩ জন। এ সময়ে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় সবমিলিয়ে প্রাণহানির সংখ্যা ৫১৩।
মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, এ মাসে রেলপথে ৫৩ দুর্ঘটনায় ৪৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। নৌ পথে ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৫১৩ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ১ হাজার ৩৩৬ জন।
সংগঠনটি জানিয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তারা এই রিপোর্ট তৈরি করেছে। সংগঠনটির তথ্যমতে- এই সময়ে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন নিহত, ১৩২ জন আহত হয়েছে; যা মোট দুর্ঘটনার ৩২.৩৩ শতাংশ, নিহতের ৩৭.৩৬ শতাংশ ও আহতের ৯.৯৭ শতাংশ।
জুন মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে চট্টগ্রাম বিভাগে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত বার্তায় এসব তথ্য জানানো হয়।