ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে সংবাদমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর


সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যমকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ, ভুল তথ্য, অপতথ্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। যে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই ও ফ্যাক্ট চেক নিশ্চিত করারও অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৫ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। 

এতে বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে, সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত কিছু গণমাধ্যম ভুল তথ্য, অপতথ্য এবং এআই দিয়ে তৈরি ছবি ও বিভ্রান্তিকর কনটেন্টসহ অসত্য সংবাদ প্রকাশ করছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতির পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে, কয়েকটি সংবামমাধ্যম এরই মধ্যে অসত্য সংবাদ প্রকাশের ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সংবাদে সংশোধনী প্রকাশ করেছে। তবে যে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, পেশাদার দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং ফ্যাক্ট চেক করা গণমাধ্যমের অবশ্য পালনীয় দায়িত্ব।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনির্ভরযোগ্য উৎসকে সংবাদের সূত্র হিসেবে ব্যবহার করায় অনেক গণমাধ্যম বিভ্রান্তির শিকার হচ্ছে। এর ফলে অপতথ্য ও বিকৃত কনটেন্ট মূলধারার গণমাধ্যমেও ছড়িয়ে পড়ছে। এ কারণে সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেককে বৈধ গণমাধ্যমের জন্য অপরিহার্য বলে উল্লেখ করা হয়েছে।

তথ্য অধিদপ্তর জানায়, এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে প্রচলিত আইন ও বিধি-বিধানের আওতায় আনতে সরকার বাধ্য হবে। পাশাপাশি বেনামি, ভুয়া বা অনিবন্ধিত কোনো মাধ্যমকে সংবাদের উৎস হিসেবে ব্যবহার না করতে এবং এ বিষয়ে সতর্ক থাকতে সব বৈধ গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তথ্য অধিদপ্তর দেশের সব সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং আইপি টিভিকে তাদের স্বাক্ষরিত ডিক্লারেশন ও নিবন্ধনের নীতিমালা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে।