প্রধানমন্ত্রী: বাংলাদেশে চরমপন্থা-উগ্রবাদের ঠাঁই হবে না  

বাংলাদেশে কোনো ধরনের চরমপন্থা ও উগ্রবাদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘‘শহীদ ও মুক্তিযোদ্ধারা এমন এক বাংলাদেশ চেয়েছিলেন যেখানে চরমপন্থার কোনো স্থান থাকবে না এবং ন্যায়পরায়ণতাই হবে শেষ কথা।’’ 

বুধবার (১৫ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মন্তব্য করেন। 

সরকার প্রধান বলেন, ‘‘সরকার বাংলাদেশকে ঋণনির্ভর অর্থনীতি থেকে বের করে বিনিয়োগনির্ভর অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সম্পদ সৃষ্টি করবো। এমনভাবে পরিকল্পনা করবো যেন ২০৩৪ সালে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি যেতে পারে।’’ 

তিনি আরও বলেন, ‘‘আমরা ২৫ কোটি বৃক্ষরোপণের কাজ শুরু করেছি। প্রতিবছর ৫ কোটি বৃক্ষরোপণ করতে চাই। ১০ হাজার নার্সারি গড়ে তোলা হবে, এতে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।’’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে জড়িত। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ পরিশোধ করবো। সেই ধারাবাহিকতায় ১৩ লাখ কৃষকের ঋণ পরিশোধ করেছি।’’ 

জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে উল্লেখ করেন তারেক রহমান।