লঘুচাপ আরও শক্তিশালী হচ্ছে, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া এবং দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে এবং অনুকূল পরিবেশে এটি আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পাশাপাশি দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা এই চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং গভীর সমুদ্রে না যেতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপের গতিপ্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী সময়ে নতুন সতর্কবার্তা দেওয়া হবে।