‌‘আরবি হরফ লেখা পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই’

দেশের বিভিন্ন স্থানে আরবি হরফ লেখা পতাকা প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর একটি চেষ্টা হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তবে বাংলাদেশে এই মুহূর্তে কোনো সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব নেই বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এসব কথা বলেন।

দেশের বিভিন্ন জায়গায় আরবি হরফ লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় ঠিক কারা জড়িত, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিছু মানুষ ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে। কিছু সংগঠনকে হয়তো চরমপন্থি বলা যেতে পারে। তবে দেশে সুসংগঠিত কোনো জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব আছে বলে সরকার মনে করে না।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে উগ্রবাদী বা মৌলবাদী কোনো শক্তির উত্থান কোনোভাবেই ঘটতে দেওয়া হবে না।”

আজকের এই সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ কথা বলেন। তিনি চলমান শিক্ষার্থীদের আন্দোলন, বিদেশে গ্রেফতার হওয়া আসামিদের দেশে প্রত্যর্পণ প্রক্রিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক উদ্যোগ, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, পুলিশের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া করাসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের বর্তমান অবস্থান ও কর্মপরিকল্পনা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।