সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো হচ্ছে না

সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ সুবিধায় কেনা গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। মাসে ৫০ হাজার টাকা থেকে কমিয়ে অর্ধেক করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠি নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করতে অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ বিভাগের উপসচিব স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন সচিবকে পাঠিয়ে এ অনুরোধ করা হয়েছে।

এর আগে, গত ৯ জুলাই প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ ৫০ হাজার টাকার বদলে ২৫ হাজার টাকা নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছিল, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারে এই ব্যয় কমানোর সুযোগ রয়েছে এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান অনুমোদন করেছেন।

প্রসঙ্গত, বর্তমানে প্রশাসন ক্যাডারের উপসচিব থেকে অতিরিক্ত সচিব পদে কর্মরত কর্মকর্তারা গাড়ি কেনার জন্য সুদমুক্ত ৩০ লাখ টাকা সরকার থেকে ঋণ পান। এই টাকায় কেনা গাড়ি ব্যবস্থাপনার জন্য মাসে সরকার থেকে ৫০ হাজার টাকা পান তারা।