নরসিংদীর শিবপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দুই পরীক্ষার্থীর নাম নাফিজ (২২) ও স্বাধীন (১৯)।
শনিবার (১৮ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ নরসিংদী সদর উপজেলার হাজীপুরের ওয়াসিম উদ্দিনের ছেলে ও স্বাধীন হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের আসাদ উল বেপারির ছেলে। তারা দুইজনই শিবপুরের আবদুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, দুপুরে নাফিজ ও স্বাধীন শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পরে বাজনাব বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইটাখোলা থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাফিজ ও স্বাধীনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া জানান, দুঘর্টনায় নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।