চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা পরস্পর সম্পর্কে দাদি, ভাতিজি ও নাতনি।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাদুরতলা এলাকার ভিকু মণ্ডলের স্ত্রী হাসিনা বেগম (৫০), তার ভাতিজি আশা খাতুন (৩৫) এবং হাসিনা বেগমের নাতনি শাহরিয়ার মিম (১২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাসিনা বেগম লোহার মইয়ে ছাগলের জন্য পাতা বাঁধতে যান। তবে বৃষ্টির কারণে মইটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। মইয়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাসিনা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে আশা খাতুন ও মিম এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।