গাজীপুর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি ১০ ঘণ্টা পর গ্রেপ্তার

গাজীপুর আদালতের গারদখানার সামনে থেকে ডাকাতিসহ ৩২ মামলার আসামি হাতকড়া খুলে পালিয়ে যাওয়া সম্রাট মণ্ডলকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহের কোতয়ালী থানার কাশর এলাকা থেকে র‌্যাব-১ গাজীপুর এবং র‌্যাব-১৪ ময়মনসিংহের যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

সম্রাট মণ্ডল (২৮) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তাকতাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কলমেশ্বর (কুনিয়া মধ্যপাড়া) চৌধুরী মার্কেট এলাকায় বসবাস করতেন।

গ্রেপ্তার সম্রাট মণ্ডলকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে গাজীপুর আদালতের গারদখানার (রিসিভ ডেস্কের) সামনে সিরিয়ালে দাঁড় করিয়ে রাখার সময় ডাকাতিসহ ৩২ মামলার আসামি সম্রাট মণ্ডল কৌশলে হাতকড়া খুলে দৌড়ে পলিয়ে যায়। পরে উপপরিদর্শক (এসআই) মঞ্জরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানায় মামলা এ বিষয়ে দায়ের করেন।

ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে র‌্যাব-১ (পোড়াবাড়ী ক্যাম্প) বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ ময়মনসিংহের সহযোগিতায় জেলার কোতয়ালী থানার কাশর এলাকায় অভিযান চালিয়ে করে আসামি সম্রাট মণ্ডলকে (২৮) ১০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, জিএমপি সদর থানার অভিযান মোতাবেক রবিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া মধ্যপাড়া (চৌধুরী মার্কেট) এলাকার ইব্রাহিমের ৮ তলা ভাড়া বাসা থেকে সম্রাট মণ্ডলকে (২৮) গ্রেপ্তার করে।

এসময় তার সহযোগী আলামিন ইসলাম (৩৮), শহীদুল ওরফে মনসুর (৪০) এবং আমিন মিয়াকে (২৮) গ্রেপ্তার করে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। সোমবার (২০ জুলাই) দুপুরে তাদেরকে আদালতে উঠানোর সময় গারদখানার (রিসিভ ডেস্কের) সামনে থেকে আসামি সম্রাট মণ্ডল হাতকড়া খুলে পালিয়ে যায়।