ঘুমাচ্ছিলেন সবাই, হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের  ৩ সদস্য

রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। 

পরে সকাল ছয়টা নাগাদ দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে যাওয়া হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং  ভাগ্নি হাফছা (৮)। 

দগ্ধ শাহীনের ভগ্নিপতি মো. জসিম জানান, শাহীন একটি দোকানের কর্মচারী। তিনি পরিবার নিয়ে ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট রোডের একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। ভোরের দিকে তারা সবাই যখন ঘুমন্ত অবস্থায় ছিল, হঠাৎ গ্যাস লাইন লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। পরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় তাদের।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান জানান,   দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধ শাহীনের শরীরের ৫০%, তার স্ত্রী ফাহিমার ৪৫% এবং তাদের ভাগনি হাফছার ৪০% দগ্ধ হয়েছে। বর্তমানে সবাইকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।