ময়মনসিংহে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আ. মেতালেবের মেয়ে শিলা আক্তার (২৫) ও নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে হঠাৎ বের হওয়া একটি ট্রাক সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন পুরুষের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চালকসহ আরও তিন নারী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অপর এক নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে দুর্ঘটনার পর অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদ জানান, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুই নারীর মরদেহ রাখা হয়েছে।