২৮ দিনেও সন্ধান মেলেনি ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্রের 

ঢাকার সাভারের আশুলিয়ায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছেলেটি জিরাবো এলাকার জয়গুননেছা মাদ্রাসার কিতাব বিভাগের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। 

পরিবারের দাবি, গত ২৫ জুন আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। 

নিখোঁজ কিশোরের নাম ফয়সাল হোসেন আবির। সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে। সে মায়ের সঙ্গে আশুলিয়ার পাড়াগ্রাম নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত। 

নিখোঁজ শিক্ষার্থীর মা আঙ্গুরী বেগম বলেন, “গত ২৫ জুন বিকেল ৩টার দিকে আমার একমাত্র ছেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। তার কাছে কোনো মোবাইল ফোনও ছিল না। আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাকে পাইনি। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই।’’  

কেউ আমার ছেলের সন্ধান পেলে আশুলিয়া থানা বা আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি, এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ফয়সাল হোসেন আবির নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিভিন্ন থানায় তার ছবি ও পরিচয় পাঠানো হয়েছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।”