সাতক্ষীরার এমপির বিতর্কিত বিয়ে: যা বলছেন স্থানীয় রাজনীতিক ও সুশীল সমাজ

সাতক্ষীরা-৪ আসনের এক সংসদ সদস্যকে ঘিরে বিতর্কিত বিয়ে, জালিয়াতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এমপিকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে তার দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম জানান, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের পর এমন একটি ঘটনা দলীয় কর্মীদের জন্য হতাশাজনক। তিনি দলের নেওয়া শাস্তিমূলক সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, অভিযোগগুলো প্রমাণিত হলে তা শুধু একজন ব্যক্তির নয়, পুরো জেলার ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। তার দাবি, একটি অভিযোগ আড়াল করতে গিয়ে কাবিননামা, বয়স ও স্বাক্ষর জালিয়াতির মতো আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে, যা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা উচিত।

শ্যামনগর সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ জানান, প্রথমে বিষয়টি নিয়ে নানা ধরনের গুঞ্জন থাকলেও পরবর্তীতে ঘটনাটি নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ পাওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তার মতে, পুরো ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত জরুরি।

এদিকে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আল মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে হতাশা প্রকাশ করে একটি পোস্ট দেন। সেই পোস্টের মন্তব্যে সাতক্ষীরা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইমাদুল অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

স্থানীয় মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, “একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই প্রচলিত আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলালও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, “অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা প্রয়োজন।”

এদিকে ঘটনার বিষয়ে সাংগঠনিক অবস্থান জানতে শ্যামনগর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান এবং জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।