ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের পাশের ফুটপাত থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স আনুমানিক এক দিন।
বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি ফুটপাতে বাজারের একটি সাদা ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পাওয়া যায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কেউ শিশুটিকে মৃত অবস্থায় সেখানে ফেলে রেখে গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নবজাতকের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।