টিসিবির পণ্য রাখার গুদামে আগুন, নেভাতে গিয়ে তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিলারের এক ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য রাখার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুন নেভাতে গিয়ে এক তরুণ মারা গেছেন। 

বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে নিজামপুর ইউনিয়নের হাটবাইল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন (২২) হাটবাইল এলাকার আব্বাস আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, “বাজারের পাশে একটি ভবনের নিচতলায় টিসিবি ডিলারের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধার অভিযান চলাকালে গুদামের ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়।”

ওসি জানান, আগুনের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুনে প্রায় দেড় লাখ টাকার টিসিবি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, আগুন দেখে নয়নসহ আরও বেশ কয়েকজন গুদামের দিকে ছুটে যান। তারা শাটার গেটের তালা ভেঙে আগুন নেভাতে ভেতরে প্রবেশ করেন। বাকিরা বের হতে পারলেও নয়ন ভেতরে আটকা পড়েন এবং বের হতে পারেননি।

পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।