গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

গোপালগঞ্জে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছে। 

শনিবার (২৫ জুলাই) দুপুরে বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দায়াঘাট এলাকার অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের ফয়সাল ব্যাপারী (২০)। 

বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) শামীম আল মামুন জানান, একটি মোটরসাইকেলে করে অচিন্ত্য ও উজ্জ্বল গোপালগঞ্জের দিকে আসচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আসা টেকেরহাটমুথী দ্রুতগামী অপর একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অচিন্ত্য নিহত হন। এসময় মোটর সাইকেল থাকা উজ্জ্বল ও ফয়সাল মারাত্মক আহত হয়।  

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মারাত্মক আহত উজ্জ্বলকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ও ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।  

শামীম আল মামুন আরও জানান, মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।