রাজধানীতে গ্যাস সংকট, ভোগান্তিতে চালকরা

রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না সিএনজি ও রাইড শেয়ারিং চালকরা। কোথাও কোথাও দিনের বেশিরভাগ সময়ই গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অনেকে। 

রাজধানীর সিএনজি পাম্পগুলোতে গ্যাস সংকট কাটেনি। বেশিরভাগ পাম্পেই ঝুলছে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড। আর যেসব পাম্পে গ্যাস পাওয়া যাচ্ছে, সেখানেও কম প্রেসারের কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। 

শনিবার (২৫ জুলাই) মগবাজার, তেজগাঁও ও বাংলামোটর এলাকার বিভিন্ন সিএনজি স্টেশনগুলোয় এ অবস্থা দেখা যায়। 

অনেক চালক এক পাম্পে গ্যাস না পেয়ে অন্য পাম্পে গিয়ে সিরিয়াল দিচ্ছেন। চালকদের অভিযোগ, গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে নিয়মিত ট্রিপ দিতে পারছেন না তারা। অনেকের দিন কেটে যাচ্ছে শুধু গ্যাসের সন্ধানে। 

গ্যাস স্টেশন কর্তৃপক্ষ বলছেন, সরবরাহ ঘাটতির কারণে প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত পাম্পে বসে থাকতে হচ্ছে তাদের। লাইনে গ্যাস না থাকায় ব্যবসায়িকভাবেও ক্ষতির মুখে পড়ছেন তারা। 

চালক ও গ্যাস স্টেশন কর্তৃপক্ষ দ্রুত গ্যাস সংকট সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।