ডেঙ্গু: মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। 

এছাড়া নতুন ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বর্তমানে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ১,১১৮ । 

রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৮ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১,৯৩৫ জন। 

এ পর্যন্ত মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৪৩ জনের মধ্যে নারী ২৫ জন বা ৫৮ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ১৫ জন বা ৪১ দশমিক ৯ শতাংশ। 

ঢাকার ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১৫, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ৬ ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। 

এছাড়া ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ৬ জন, বরিশালে ৪ জন, রাজশাহী এক আর রংপুরে একজনের মৃত্যু হয়েছে।