এনসিপির সমাবেশস্থলের কাছে কুশপুত্তলিকা ও বোমাসদৃশ বস্তু উদ্ধার 

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্ধারিত পদযাত্রা ও পথসভার দিন একের পর এক রহস্যজনক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এছাড়া এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সংবলিত তিনটি কুশপুত্তলিকা সদৃশ বস্তু উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে সমাবেশস্থলের কাছ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৭ জুলাই) দুপুরে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে একটি পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খুলে ভেতরে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে নিরাপত্তার স্বার্থে সেটি থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। 

এর আগে, সোমবার ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সংবলিত তিনটি কুশপুত্তলিকা সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। 
 
গাংনী থানার ওসি মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি কে বা কারা এটি সেখানে রেখে গেছে এবং দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।