জামায়াত এমপির মেয়ের আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী, বাড়ি ঘেরাও

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার ‘বেপরোয়া আচরণ’ ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মারপিটের অভিযোগে বাড়ি ঘেরাও করে রাখেন তারা। 

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। এসময় বিক্ষুব্ধ জনতা গোলাম রসুলের বাড়ির বিভিন্ন জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। 

ঘটনায় সময় সংসদ সদস্য গোলাম রসুলসহ তার পরিবারের সদস্যরা বাসাতে উপস্থিত ছিলেন। এসময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে, বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

বিক্ষোভকারীদের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদরাসাতুল শারইয়্যাহ’র শিশু শিক্ষার্থীদের সোমবার বিকালে মারপিট ও ভয়ভীতি দেখায় এমপির মেয়ে অনন্যা। পরে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাঝোতা করা হয়। 

পরে, মঙ্গলবার সকালে ফের শিশু ও অভিভাবকদের ওপর এমপির মেয়ে চড়াও হয়। এ নিয়ে এক শিশুর অভিভাবক রেকসোনা খাতুনকে তালা দিয়ে মাথায় আঘাত করে। এ নিয়ে মাদ্রাসা অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। 

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত প্রায় ৩ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাড়ির ভিতরে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অবস্থান করছে বলে জানা যায়। 

আল মাদরাসাতুল শারইয়্যাহ’র মুহাতামিম কবির হোসাইন অভিযোগ করে বলেন, ‘‘এমপি সাহেবের মেয়ে শিশুদের ওপর বিভিন্ন সময় চড়াও হয়। সোমবারও মারধর করে। তারপরে দু’পক্ষ বসে মিমাংসা করা হয়।’’  

তিনি আরও বলেন, ‘‘মঙ্গলবার সকালে শিশুরা খেলছিলো; হঠাৎ এমপি ও এমপির মেয়েও শিশুদের ওপর চড়াও হয়। একপর্যায়ে এমপি সাহেবের মেয়ে তালা ছুড়ে মারলে এক শিশু শিক্ষার্থীর অভিভাবকের মাথায় লাগে। তারপর ক্ষুব্ধ অভিভাবক ও জনতা এসে বিক্ষোভ করে।’’ 

এ ব্যাপারে জানতে সংসদ সদস্য গোলাম রসুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো বক্তব্য দেননি। 

তবে গোলাম রসুলের স্ত্রী শারমিন ডিনা জানান, তার মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুরা এসে গোলযোগ সৃষ্টি করে। এর প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে।  

তিনি দাবি করেন, তাদের বাড়িতে হামলা চালিয়ে এখন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। 

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, ‘‘এমপির মেয়ের সঙ্গে মাদ্রাসার শিশু ও অভিভাবকদের ঝামেলা হয়েছে। সেই ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা এমপি সাহেবের বাড়ি ঘেরাও করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। কারো অভিযোগ থাকলে লিখিত দিতে বলেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’