হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুরের শিকার হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনায় এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখা হয়, পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।
এনসিপি নেতাদের ভাষ্য অনুযায়ী, পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান, যাতে সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন এবং পরে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।
অন্যদিকে ছাত্রদল নেতাদের দাবি, দুপুরে আজমিরীগঞ্জে শহীদ মিনারে এক সমাবেশে এনসিপি নেতারা বিএনপি নেতাদের উদ্দেশ করে “গুণ্ডাবাহিনী” বলে মন্তব্য করেন, যা নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এরই জেরে সন্ধ্যায় টাউন হলে পদযাত্রা শেষে এনসিপি নেতাদের ঘিরে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা, এ সময় তাদের কয়েকজন এনসিপি নেতাদের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে।
এতে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও স্থানীয় এনসিপি নেতা মুবিনসহ বেশ কয়েকজন আহত হন। পরে তাদের সোনালী ব্যাংক ভবনে অবরুদ্ধ করে রাখা হলে পুলিশ গিয়ে উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়।
ওসি জাহিদ হোসেন বলেন, “এনসিপির পদযাত্রা শেষে ছাত্রদলের নেতারা বিক্ষোভ করেন। এতে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে গিয়ে এনসিপির নেতাদের উদ্ধার করে সার্কিট হাউজে পৌঁছে দিই।”